বলছি থালার কথা। তোমরা এটি চেনো নিশ্চয়ই, তাই না? এটি কী? ধাতুনির্মিত চ্যাপটা পাত্র বা খাবার বাসনবিশেষ। থালা যে শুধু ধাতু দিয়েই তৈরি করা হয়, তা কিন্তু নয়। এর সবচেয়ে প্রাচীন উপকরণ মাটি। তার মানে মানুষ প্রথমে মাটির থালার ব্যবহার শুরু করে। এ থালার প্রচলন এখনো আছে। প্লাস্টিক বা মেলামাইনের থালাও রয়েছে। মাটি, প্লাস্টিক বা মেলামাইন ধাতু নয়। বর্তমানে মেলামাইনের তৈরি থালার কদর সম্ভবত সবচেয়ে বেশি। তোমার খাবার থালা কিসের তৈরি?
মানুষ প্রথম কী দিয়ে থালা তৈরি করে, তা কি মনে আছে? মাটি দিয়ে। এরপর আসে অন্যান্য উপকরণের তৈরী থালার যুগ। একসময় মানুষ কাঠ দিয়েও থালা তৈরি করত। কাঠের থালা বর্তমানে শখের ব্যাপার। ধাতুর থালা সম্পর্কে তোমাদের হয়তো ধারণা আছে। কী দিয়ে এগুলো তৈরি করা হয়? কাঁসা, পিতল, ইস্পাত, টিন, অ্যালুমিনিয়াম ইত্যাদি ধাতু দিয়ে। সোনা, রুপা ইত্যাদি মূল্যবান ধাতুর তৈরী থালাও আছে। চীনা মাটির থালার কদর প্রাচীন ও বর্তমান উভয় যুগেই দেখা যায়। থালার ইংরেজি তোমরা তো জানোই- Plate.
