আমাদের দেশে প্রচুর সবজি চাষ করা হয়। তোমরা সবাই জানো, সবজি খাওয়া একটি ভালো অভ্যাস। আর তোমরা বিভিন্ন ধরনের সবজি নিশ্চয়ই খাও, তাই না? বাঁধাকপি খেয়েছ কি? হয়তো খেয়ে থাকবে। এটি একটি শীতকালীন সবজি। তবে বর্তমানে প্রায় সারা বছরই এটি পাওয়া যায়।
বিভিন্ন ধরনের ও রঙের বাঁধাকপি রয়েছে। তবে সবুজ রঙের বাঁধাকপি বেশি পাওয়া যায়। নীল ও লাল রঙের বাঁধাকপি তেমন দেখা যায় না। ভেজে বা স্যুপ তৈরি করে এ সবজি খাওয়া হয়। এতে রয়েছে আমিষ, চর্বি, শ্বেতসার, খনিজ লবণ, ভিটামিন বি-১, ভিটামিন বি-২, ভিটামিন-সি, ক্যালসিয়াম, লৌহ ইত্যাদি।
বাঁধাকপির বেশ ভেষজগুণ রয়েছে। এটি দাঁত, মাড়ি ও পেশি মজবুত করে। সর্দি-কাশি প্রতিরোধেও এর ভূমিকা রয়েছে। বাঁধাকপি দৃষ্টিশক্তি ঠিক রাখতে সহায়ক। কেটে গেলে রক্ত জমাট বাঁধতেও এটি সহায়তা করে। এ ছাড়া এটি রাতকানা রোগ, কোষ্ঠকাঠিন্য, আলসার প্রভৃতি রোগ উপশম করে।