একশত আট.
মানহা কাকরাইলে থাকে। ওকে কাকরাইল মোড়ের একটা কপি শপে দেখা করতে বলেছে। সমবয়সী বন্ধুর সাথে দেখা করতে যাবে এই উত্তেজনায় সে ভূতের ভয় ভুলে গেল।
অনিক ছাইরঙা টিশার্টের সাথে জিন্সের প্যান্ট ও কেডস গলিয়ে দরজা লক করে দিয়ে বেরিয়ে পড়ল।
কাকরাইল মোড়ে গিয়ে সুপরিচিত কফিশপ খুঁজে পেতে সময় লাগল না। কিন্তু মানহাকে খুঁজে পাওয়া গেল না। মোবাইলে কল দিয়ে দেখল মোবাইলও বন্ধ। এক ধরনের অজানা আশঙ্কা হতে লাগল। মানহা কি তার সাথে মজা করেছে? নাকি সে কোনো ট্রাপে পড়তে যাচ্ছে। এরকম অনেক নিউজই সে দেখেছে, অপরিচিত ছেলে মেয়ে ফেসবুকে বন্ধুত্ব করে ডেকে নিয়ে যায়, তারপর অল্পের উপর দিয়ে গেলে দামী মোবাইল ম্যানিব্যাগ কেড়ে নেয়, আর না হলে অপহরণ করে নিয়ে যায়। কিন্তু এরকম দিনে দুপুরে?
কফিশপের বাইরে দাঁড়িয়ে যখন এসবই ভাবছিল, ভাবছিল মানে মানে এখনই কেটে পড়বে কিনা, তখনই পেছন থেকে একটা গলা শুনতে পেল, তুমি অনিক?’
অনিক চমকে তাকাল। জিন্স পরা মানহা তার ঠিক পেছনেই দাঁড়িয়ে। সে তো তো করার আগেই মানহা আদেশের সুরে বলল, ‘চল, কফি খেতে খেতে কথা বলি।’ (চলবে)
