জানো, বিশ্বসভ্যতায় মুসলমান মনীষীদের অবদান অসামান্য। ইসলামি সভ্যতার সোনালি যুগে এরা জ্ঞান-বিজ্ঞানে দারুণ অবদান রাখেন। এদেরই একজন বিতরুজি। পুরো নাম নূর আদ-দিন আল-বিতরুজি।
বিতরুজি পশ্চিমা দুনিয়ায় আলপেট্রাজিয়াস নামে পরিচিত। তার জন্ম ১২ শতকে আল-আন্দালুসে (বর্তমান স্পেন)। এ সময় স্পেনে চলে মুসলমানদের শাসন এবং অনেক মুসলমান জ্ঞানের বিভিন্ন শাখায় দ্যুতি ছড়ান। অবদান রাখেন বিশ্বসভ্যতায়।
বিতরুজির মূল অবদান জ্যোতির্বিজ্ঞানে। তিনি তার কিতাবুল হাইয়া বইয়ে টলেমির মতবাদ খ-ন করেন। তার বক্তব্য হচ্ছে- ‘প্রত্যেক গ্রহের মেরুই নিজের পথে ক্রান্তিবৃত্তের চার দিকে ঘোরে।’ আরব বিজ্ঞান জগতে এ মতবাদ হরকাতুল লাওলাবি নামে পরিচিত। মতবাদটি প্রচারিত হয় কিতাবুল হাইয়া বইয়ের মাধ্যমে, যা বিজ্ঞান জগতে চাঞ্চল্যের সৃষ্টি করে। তার বইটি প্রায় সাথে সাথেই অনুবাদ করা হয় ল্যাটিন ও হিব্রু ভাষায়। হিব্রু অনুবাদে তাকে হামারিশ (মতবাদ পরিবর্তক) সম্মানে ভূষিত করা হয়। ১২১৭ সালে কিতাবুল হাইয়া বইটি ল্যাটিনে অনুবাদ করেন মাইকেল স্কট। ১২৫৯ সালে এই বই হিব্রুতে অনুবাদ করেন মোজেস বিন তিব্বন। এর ২৬৮ বছর পরে, ১৫২৮-২৯ সালে কালোলিমন বিন ডেভিড বইটি আবার ল্যাটিনে অনুবাদ করেন।
১২০৪ সালে বিতরুজি ইন্তেকাল করেন। এখনো তিনি স্মরণীয় ও বরণীয়।