বলছি কাপিতান কেলিং মসজিদের কথা। এটি মালয়েশিয়ায় মুঘল নির্মাণশৈলীর একটি বিখ্যাত মসজিদ । এর অবস্থান জালান কাপিতান কেলিংয়ে (সাবেক পিট স্ট্রিট)। এটি জর্জ টাউনের সবচেয়ে বড় ঐতিহাসিক মসজিদ।
মসজিদটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি প্রধানত নির্মিত হয় মুঘল স্থাপত্য ঘরানায়। মসজিদটি প্রতিষ্ঠিত হয় ১৮০১ সালে। এতে রয়েছে একটি বড় গম্বুজ, কয়েকটি ছোট গম্বুজ এবং বেশ বড় একটি মিনার।
মসজিদটি নির্মাণ করেন সেই সময়ের মালয়েশিয়ার কেলিং জনগোষ্ঠী। কেলিং হচ্ছে মালয়েশিয়ায় ভারতীয় বংশোদ্ভূত মানবগোষ্ঠী। আর এ জনগোষ্ঠীর প্রধান হচ্ছেন কাপিতান (ক্যাপ্টেন)। তার মানে মসজিদের নামকরণ করা হয় ভারতীয় বংশোদ্ভূত মুসলমান জনগোষ্ঠীর প্রধানের নামানুসারে।
এ মসজিদের প্রথম অধিকর্মিক (সুপারিনটেনডেন্ট) ছিলেন কাপিতান কেলিং। তিনি মসজিদ প্রকল্পের জন্য ভারত থেকে পাথর ও কারিগর নিয়ে আসেন। আদি মসজিদটি ছিল এক তলাবিশিষ্ট আয়তাকার দালান এবং এর ছাদ সব দিকে ঢালু ছিল।
১৯১০ সালে মসজিদটি বিশেষভাবে সংস্কার করা হয়। ১৯৩০ সালে মসজিদটি বর্তমান অবয়ব পায়। তবে এটি পুনর্নির্মাণ করা হয়নি। মুঘল স্থাপত্য বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে বড় করা হয়। ২০০৩ সালে এ মসজিদ নতুন করে সজ্জিত করা হয়।
এ মসজিদের জমির পরিমাণ আগে ছিল ১৮ একর, বর্তমানে আট একর। এটি একটি জামে মসজিদ। মুসলমানরা এখানে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। আর অন্য ধর্মের মানুষ এটি পরিদর্শনে আসেন। তার মানে দর্শনীয় স্থান হিসেবেও এর গুরুত্ব রয়েছে।
