জানো, কাসাভা বিশ্বের তৃতীয় বৃহত্তম শর্করা উৎপাদনকারী ফসল। এটি বিশে্বর অনেক মানুষের প্রধান খাদ্য; ৫০ কোটির বেশি মানুষ প্রধান খাদ্য হিসেবে কাসাভা গ্রহণ করে। কাসাভা গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ, যার শিকড় থেকে শ্বেতসারজাতীয় খাদ্য তৈরি হয়; সদৃশ শস্য বের করা হয়। সবচেয়ে বেশি কাসাভা উৎপন্ন হয় নাইজেরিয়ায়
আমাদের দেশের বেশির ভাগ মানুষের প্রধান খাদ্য ভাত। অনেক দেশের মানুষের প্রধান খাদ্য তৈরি করা হয় গম থেকে। আবার কিছু অঞ্চল বা দেশের মানুষের প্রধান খাদ্য কাসাভা থেকে তৈরি।
বাংলাদেশে কাসাভা সাধারণত কী নামে পরিচিত? শিমুল আলু।
বাংলাদেশে কি কাসাভা চাষ করা হয়? হ্যাঁ। এ দেশের কিছু কিছু এলাকায় এটি চাষ করা হয়। ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা, সিলেট ও পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা স্থানীয়ভাবে কাসাভা চাষ করে। তবে পরিমাণে বেশি নয়।
তোমাদের অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না, কী করে কাসাভা খাওয়া হয়। দেশ ও এলাকা ভেদে মানুষের মধ্যে এটি খাওয়ার পার্থক্য দেখা যায়।
কাসাভা যাদের প্রধান খাদ্য, তারা সাধারণত এটি থেকে প্রথমে আটা বা ময়দা তৈরি করে।
এর পর ময়দা বা আটা থেকে রুটি, পিঠা, চিপস ইত্যাদি তৈরি করা হয়। তোমরা তো জানোই, রুটি খাওয়া যায় গোশত, মাছ, সবজি, মিষ্টি, ডাল ইত্যাদি দিয়ে। ঝাল, টক, মিষ্টি ইত্যাদি স্বাদের পিঠা তৈরি করা যায় কাসাভা দিয়ে। অনেকে আবার কাসাভা সেদ্ধ করে বিভিন্ন মসলা দিয়ে খায়।
