ঢাকা প্রিমিয়ার উইমেনস ক্রিকেট লিগে আগের ম্যাচে (৯০) খুব কাছে গিয়েও আশাহত হতে হয়েছিলেন। এক দিন পরই সেই আক্ষেপ ঘুচালেন ফারজানা হক। সহজাত ব্যাটিংয়ে উপহার দিলেন প্রথম সেঞ্চুরি। গতকাল ফারজানার সেঞ্চুরি ছাড়াও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন আরো ৮ ব্যাটার। বল হাতে অসাধারণ প্রদর্শনী মেলে ধরেন দুই অভিজ্ঞ ব্যাটার রুমানা আহমেদ ও রিতু মনি।
ইউল্যাব ক্রিকেট মাঠে বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে ১০১ রান করেন ফারজানা।
৩ উইকেটে ৩১১ রান করে আবাহনী লিমিটেড। পরে আনসার ও ভিডিপিকে মাত্র ১৫০ রানে গুটিয়ে ১৬১ রানের জয় পায় তারা।
বিকেএসপিতে পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে রুমানা ১০ ওভারে ৮ রান খরচায় নেন এক উইকেট। পুলিশকে মাত্র ৮৭ রানে গুঁড়িয়ে ৯ উইকেটে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বিকেএসপির এক নম্বর মাঠে কলাবাগান ক্রীড়া চক্রকে ৬ উইকেটে হারায় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। ২১৯ রানের লক্ষ্য ৩৫ বল বাকি থাকতে ছুয়ে ফেলে খেলাঘর। ফারজানা ৭২ এবং ফাতেমা ৯৪* করেন।
বিকেএসপির চার নম্বর মাঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে (বিকেএসপি) প্রথম হারের স্বাদ দেয় গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব। ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় ২ উইকেটে জেতে গুলশান। এখন পর্যন্ত তিন ম্যাচের সব ক’টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। এ ছাড়া তিন ম্যাচে দুইটি করে জয় আছে আবাহনী, বিকেএসপি ও খেলাঘরের।