জার্মানি এবং সুইডেনকে টপকে সবার আগে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে মেক্সিকো। এখন তাদের টানা তিন জয় নিশ্চিত করে গ্রুপ সেরা হওয়ার পালা। ‘এফ’ গ্রুপের এই শ্রেষ্ঠত্বের জন্য আজ সুইডেনের সাথে লড়বে মেক্সিকো। একতারিনবার্গে অনুষ্ঠিত এই খেলায় জিতলে রেকর্ড গড়বে মেক্সিকো। এই প্রথম তাদের জেতা হবে গ্রুপের টানা তিন খেলায়। অন্যদিকে জার্মানিকে হারিয়ে চমক দেখানো সুইডেনের টিকে থাকার সংগ্রাম আজ। তিন পয়েন্ট ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ কম।

নিজেদের খেলা আগের ১৬টি বিশ্বকাপের কোনোটিতেই মেক্সিকোর পক্ষে গ্রুপে টানা তিন জয় পাওয়া সম্ভব হয়নি। আজ সুইডেনের বিপক্ষে সে লক্ষ্যই পূরণ হওয়ার পালা। গোলরক্ষক গুইলেরমো ওচোয়ার কণ্ঠেও সেই রেকর্ড গড়ার সুর, 'বেশ ভালোভাবেই আমাদের মিশন চলছে। এই ধারা অব্যাহত রাখতে চাই। তবে জিতবোই সুইডেনের বিপক্ষে তার জোর দিয়ে বলা কঠিন।'

এরপর ওচোয়া বলেন, 'এই ম্যাচে আমাদের হারানোর কিছুই নেই। শেষ ম্যাচে আমাদের জিততেই হবে বা হেরে গেলেই বাদ এমন কোনো পরিস্থিতি নেই। এই বিষয়টিই আমাদের প্রেরণার উৎস। যা আমাদের মানসিকভাবে চাঙ্গাও করছে।'

রাশিয়া বিশ্বকাপের আগে মেক্সিকো একবারই প্রথম পর্বের প্রথম দুই ম্যাচ জিতেছিল। আর তা ২০০২ জাপান- দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে। এবার তাদের প্রথম দুই জয় ১-০তে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে এবং ২-১ গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।

কনকাকাফ অঞ্চলের এই দেশ এর আগে চারবার গ্রুপের দুই খেলায় জিতে অন্যটিতে ড্র করেছিল। এর মধ্যে ২০০২ সাল ছাড়া বাকি তিন আসরে তাদের প্রথম দুই ম্যাচে জয় ছিল না। ১৯৭০, ১৯৮৬, ২০০২ এবং ২০১৪ সালে তারা গ্রুপ পর্বে দুই খেলায় পূর্ণ পয়েন্ট এবং অন্যটিতে পয়েন্টে ভাগ বসিয়েছিল।

এবার জার্মানি এবং কোরিয়ার বিপক্ষে দুইবারের বিশ্বকাপ আয়োজকদের গ্রুপ পর্বের রেকর্ডকে আরো পোক্ত করেছে। ১৯৮৬ সাল থেকে তারা প্রথম রাউন্ডের ম্যাচগুলোর মধ্যে ১২টিতে জিতেছে। ড্র করেছে আটটিতে। হেরেছে তিন ম্যাচে।

 

আরো পড়ুন : জাকা-শাকিরির পাশে সুইস জনগণ

সার্বিয়ার বিপক্ষে গোল করে যে স্টাইলে গোল উৎসব করেছেন গ্রান্ট জাকা এবং জারদান শাকিরি তা পছন্দ হয়নি ফিফার। সার্বিয়াও এর আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। ফলে ফিফা জরিমানা করেছে সুইজারল্যান্ডের এই দুই ফুটবলারকে। সাথে ডিফেন্ডার স্টিফেন লিসেসটেইনারকেও।

গোল দেয়ার পর জাকা-শাকিরি দু'জনই বুকে দুই হাত আড়াআড়ি রেখে আলবেনিয়ার পতাকা সদৃশ্য চিহ্ন বুঝিয়েছেন। এ জন্য ফিফার ডিসিপ্লিনারি কমিটি জাকা ও শাকিরিকের ১০ হাজার সুইস ফ্রাঙ্ক এবং লিসেসটেইনারকে পাঁচ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে।

এই অর্থ পরিশোধের উদ্যোগ নিয়েছেন সুইজারল্যান্ডের জনগণ। তারা ইতোমধ্যে ১৯ হাজার ডলার সংগ্রহ করে ফেলেছে। তাদের লক্ষ্য ১৮ ঘণ্টার মধ্যে ২৫ হাজার ডলার যোগাড় করা।

জাকা এবং শাকিরি আলবেনিয়ান বংশোদ্ভূত কসোভোর নাগরিক। সার্বিয়া হামলা করেছিল স্বাধীনতা ঘোষণা করা কসোভোর আলবেনিয়ানদের উপর। এর পর দেশ ছাড়া হন হাজার হাজার আলবেনিয়ান মুসলমান। ১৯৯৯ সালে ন্যাটোর হামলায় ক্ষান্ত হয় সার্বিয়ানরা।

তহবিল সংগ্রহ করা সংস্থাটি জানায়, সুইস ফুটবল ফেডারেশন যদি তাদের অর্থ গ্রহণ না করে তা হলে তা দিয়ে দেয়া হবে দাতব্য সংস্থাকে।