বলতেই হবে বাংলাদেশে আসা বিদেশী কোচদের মধ্যে অন্যতম হাই প্রোফাইলের কোচ তিনি। যোসেফ পল পুট নামের এই বেলজিয়ান ২০১৩ সালে আফ্রিকার সেরা কোচের স্বীকৃতি পায়। সেবছর আফ্রিকান নেশনস কাপের ফাইনালে খেলেছিল তার দল বুরকিনা ফাসো। অবশ্য চ্যাম্পিয়নশিপের বদলে রানার্সআপে সন্তুস্টি নাইজেরিয়ার কাছে হেরে। এছাড়া গিনি, কেনিয়া, গাম্বিয়া এবং জর্দান জাতীয় দলের কোচ ছিলেন। ২০১৭ সালে কেনিয়াকে এনে দেন কেকাফাক আসরের শিরোপা। বর্ষীয়ান সেই পল পুট এখন সাইফ স্পোর্টিং ক্লাবের কোচ।
সোমবার তার সাথে বাংলাদেশ পেশাদার লিগের পূর্ন পেশাদারী ক্লাবটির হয়েছে এক বছরের চুক্তি। জাতীয় দলের বাইরে পল পুট আলজেরিয়া, মরক্কো, চীন এবং বেলজিয়াম ক্লাব কোচ ছিলেন। এতো দেশ থাকতে কেন হাই প্রোফাইলের এই কোচের বাংলাদেশের ক্লাব সাইফ স্পোর্টিং এর দায়িত্ব নেয়া। গতকাল সংবাদ সম্মেলনে পল পুট জানান, এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আমি আগেও এশিয়ায় কাজ করেছি। ২০১৫ সালে জর্দান দলের হয়ে বাংলাদেশে এসেছিলাম। এবার বাংলাদেশের ক্লাব কোচ। এটা আমার জন্য চ্যালেঞ্জ সাইফের হয়ে ভালো করা। আমি বদলে দিতে চাই সাইফ স্পোর্টিংয়ের ইতিহাস। এবং তা সম্ভব।
কাল সংবাদ সম্মেলনেই তার নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে দিলেন পল। ‘ আমি আক্রমনাত্মক ফুটবলে বিশ্বাসী। বিশ্বাসী ভালো রেজাল্টে। সে সাথে প্রতিভাবান ফুটবলারদের নিয়ে কাজ করতেও। সাইফ স্পোর্টিং যে প্রজেক্ট নিয়ে কাজ করছে এটা আমার ভালো লেগেছে। ’ এরপর যোগ করেন, ‘আমি মোটেই সহজ মানুষ নই। শৃঙ্খলা মানতেই হবে। সে সাথে সিরিয়াসনেস থাকতে হবে সবার মধ্যে। দিতে হবে শতভাগ। যে জার্সী পরে ফুটবলাররা খেলবে সেটাকে যারা সম্মান জানাতে পারবে না তাদের দলে থাকার সুযোগ নেই।’ তথ্য দেন , ‘আমার দলও বিভিন্ন সময়ে হেরেছে। তবে হারের পরিসংখ্যানটা নিতান্তই কম।’ সাইফ স্পোর্টিং তার অধিনায়ক জামাল ভ’ইয়াকে লিগের প্রথম পর্বে না পাওয়া নিয়ে কোনো আফসোস নেই পলের। জানান, জামালের খেলা আমি দেখেছি। সে খুবই গুরুত্বপূর্ন ফুটবলার। তবে আমার দলের বাকী সব ফুটবলারই গুরুত্বপূর্ন।
সাইফ স্পোর্টিং এর এমডি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী জানান, পল পুটকে কোচ হিসেবে নিয়োগ দেয়াটা আমাদের সঠিক সিদ্ধান্ত। এবার আমাদের লক্ষ্য এতো দিনের চার নাম্বার স্থান থেকে আরো উপরে উঠা।
নতুন অধিনায়ক রাফি
কোলকাতা মোহামেডানে খেলতে যাবেন জামাল ভ’ঁইয়া। ফলে তাকে লিগের প্রথম পর্বে পাবে না সাইফ স্পোর্টিং। ডেনমার্ক প্রবাসী এই মিডফিল্ডার একই সাথে সাইফ ও বাংলাদেশ দলের নেতৃত্বে। ফলে তার বিকল্প অধিনায়ক চ’ড়ান্ত করে ফেলেছে ক্লাবটি। ক্লাবের এমডি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী জানান, ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি এখন সাইফের নেতৃত্ব দেবে। সে গতবার সহ অধিনায়ক ছিল। কাল সংবাদ সম্মেলনে ক্লাবটি তাদের নতুন বিদেশী তিন নাইজেরিয়ান এবং উজবেকিস্তানের এক ফুটবলারের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। আজ তাদের এম আর আই রিপোর্ট পাওয়ার পর চুক্তিবন্ধ করা হবে।



