গত ফেডারেশন কাপের ফাইনালেরই দুই প্রতিপক্ষ। তবে সে শিরোপা নির্ধারণী ম্যাচে যে উত্তেজনা এবং আকর্ষণ ছিল এর ধারেকাছেও ছিল না মঙ্গলবারের মওসুম শুরুর ম্যাচে। মাত্র এক বিদেশীকে নিয়ে খেলা রহমতগঞ্জকে পাত্তাই দেয়নি পূর্ণশক্তির বসুন্ধরা কিংস।
‘সি’ গ্রুপের এই ম্যাচকে একেবারে ছেলেখেলায় পরিণত করে ৩-০ গোলের সহজ জয় আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। তিনটি গোলই বিদেশীর। দুটি বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন নৈপুণ্যে। অপরটি রহমতগঞ্জের মিসরীয় ডিফেন্ডার ঈসা আলাউদ্দিনের আত্মঘাতীতে।
জয়ের ফলে নতুন চার বিদেশী নিয়ে খেলা বসুন্ধরা কিংস নকআউটের পথে এগিয়ে গেলেও অনিশ্চিত পুরান ঢাকার দলটি। তাদেরকে এখন জিততে হবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
এবারের দলবদলে ৫৩ জন বিদেশীকে রেজিস্ট্রেশন করিয়েছে প্রিমিয়ারের ১৩ দল। যদিও খেলার সুযোগ হবে ৫২ জনের। উত্তর বারিধারা এক বিদেশীর নাম বেশি জমা দিয়েছে। গতবারের তুলনায় প্রতি দলে এক বিদেশী কম খেললেও তাদেরই দাপট থাকবে এটাই স্বাভাবিক। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়ালটন ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি।
তবে বসুন্ধরা কিংসে যদি আজেন্টাইন ফরোয়ার্ড হারনান বারকোস থাকতো তাহলে আরো বাড়তো স্কোর লাইন। তার বিকল্প আরেক আর্জেন্টাইন রাউল অস্কার বেচেরা ভালো করতে পারছিলেন না। যদিও তার গোলেই শুরু। কোচ অস্কার ব্রুজন তাকে তুলেও নেন পরে।
কোচের জবাব, ‘বেচেরা এখনো শতভাগ ফিট নন। অনুশীলনে যোগও দিয়েছে পরে।’ আরো জানান, ‘প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। জয়ে অবশ্যই খুশী। তবে এটা আমাদের সেরা ম্যাচ নয়।’
অন্যদিকে রহমতগঞ্জ কোচ সৈয়দ গোলাম জিলানী এই হারের জন্য দলে তিন বিদেশী কম থাকা এবং প্রস্তুতির ঘাটতির কথা উল্লেখ করেন।
দুই মিনিটে গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের ভুলে বসুন্ধরা কিংস গোলের সুযোগ পেলেও তাতে গোল করতে ব্যর্থ বেচেরা। ৪২ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের ফ্রি-কিকে বেচেরার হেড জালে। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আরেক ব্রাজিলিয়ান রবসন ডি সিলভা। ডিফেন্ডার কিরনের ভুল পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান লিটনের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে। দুই ব্রাজিলিয়ানকে বেশ মানসম্পন্ন মনে হয়েছে। ম্যাচ সেরাও হন রবসন। ৬৫ মিনিটে বাংলাদেশ সেরা দলটির জয় নিশ্চিত হয় বিপক্ষ ডিফেন্ডারের হেডে ক্লিয়ার করা বল জালে আশ্রয় নিলে।
বুধবার বিকেল সোয়া তিনটায় সাইফ স্পোর্টিং খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। সন্ধ্যা পৌনে ছয়টায় আরামবাগের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।



