চিলি-আর্জেন্টিনা ঘুরে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ব্রাজিলে। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচিও প্রকাশ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ব্রাজিল ও ভেনেজুয়েলা।
ফাইনাল হবে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
প্রথমবারের মতো কোপা আমেরিকা ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যৌথভাবে আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন চলায় ও আর্জেন্টিনায় করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় দেশ দুটি থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেয়া হয়।
আর্জেন্টিনাকে আয়োজক থেকে বাদ দেয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গত সোমবার ব্রাজিলকে আয়োজক হিসেবে ঘোষণা করে কনমেবল।
যদিও করোনা পরিস্থিতি ব্রাজিলেও খুব একটা ভালো না। দৈনিক আক্রান্ত এবং মৃত্যুর দিক থেকে বর্তমান সময়ে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে তারা শীর্ষে এবং বিশ্বের হিসাবে দ্বিতীয়।
১৩ জুন গারিঞ্চা স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। আর্জেন্টিনা আসর শুরু করবে ১৪ জুন রিওর নিলন্ত সান্তোস স্টেডিয়ামে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে। ১০ জুলাই মারাকানায় হবে ফাইনাল।






