যে দেশে আয়োজন, সে দেশের ফুটবলাররাই খেলতে চাননি। নেইমার থেকে শুরু করে সেই তালিকায় ছিলেন ব্রাজিলের অনেকে। এদের সাথে লাতিন আমেরিকার কিছু দলের অধিনায়কও সায় দিয়েছিলেন। সব মিলিয়ে কয়েকদিন আগেও ব্রাজিলের মাটিতে কোপা আমেরিকা ফুটবল আয়োজন নিয়ে শঙ্কার মেঘ ছিল পুরোদমে।

তবে আশার খবর হলো, বরফ গলতে শুরু করেছে। অসন্তুষ্টি থাকলেও হতে যাচ্ছে কোপা আমেরিকা ফুটবল। দক্ষিণ আমেরিকার মহাদেশ সেরা প্রতিযোগিতাটিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন নেইমাররা।

খেলার সিদ্ধান্ত নিলেও বুধবার দেয়া বিবৃতিতে দেশটির ফুটবলাররা দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রতি নিজেদের অসন্তুষ্টির কথা জানান।

বিবৃতিতে জানানো হয়, ‘বিভিন্ন কারণে, সেটা মানবিক বা পেশাদার হোক, কোপা আমেরিকা আয়োজনে কনমেবল যে পথে এগিয়েছে তাতে আমরা মোটেও সন্তুষ্ট নই।’

শুরুতে দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল এবারের কোপা আমেরিকা। কিন্তু কলম্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন এবং আর্জেন্টিনায় করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় দেশ দুটি থেকে টুর্নামেন্ট সরিয়ে নেয়া হয়। এরপর হুট করেই ব্রাজিলকে আয়োজক হিসেবে ঘোষণা করে কনমেবল। কিন্তু ব্রাজিলের করোনাভাইরাস পরিস্থিতি তুলনামূলক আরো বেশি খারাপ। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় তারা দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে উপরের দিকে। ফলে ব্রাজিলের খেলোয়াড়রা খেলতেই চায়নি টুর্নামেন্ট।

তবে বুধবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে জয়ের পর ব্রাজিলের খেলোয়াড়দের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘আমরা কোপা আমেরিকার আয়োজক সংস্থার বিরুদ্ধে, তবে আমরা কখনো বলিনি ব্রাজিলের হয়ে খেলব না।’

আগামী সোমবার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসরের পথচলা শুরু করবে ব্রাজিল। গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ পেরু, ইকুয়েডর ও কলম্বিয়া।