মালদ্বীপ প্রবাসী বাংলাদেশীরা মনেপ্রাণে চাইছিলেন মালদ্বীপের বিপক্ষে লাল-সবুজদের জয়। যা তাদের মাথা উচু করে কথা বলার উপলক্ষ তৈরি করতো মালদ্বীপবাসীর বিপক্ষে। তা না হওয়ায় এখন এই প্রবাসীরা চান বাংলাদেশ যেন নেপালেকে হারাতে পারে। কিন্তু অস্কার ব্রুজনের দল কি পারবে নেপালকে হারিয়ে ফাইনালের আশা জিইয়ে রাখতে?

মালদ্বীপের কোচ আলী সুজানের মতে, এটা বেশ কঠিন। তবে হয়েও যেতে পারে। মনে রাখতে হবে নেপাল রক্ষণাত্মক খেলবে বাংলাদেশের বিপক্ষে। পাশাপাশি বাংলাদেশ দলও ভালো। শ্রীলঙ্কার বসনিয়ান কোচ আমির এলাচিজ অবশ্য উড়িয়ে দিলেন বাংলাদেশের জয়ের সম্ভাবনা।

তার মতে, কেউ কি আশা করেছিল মালদ্বীপের বিপক্ষে এভাবে হারবে বাংলাদেশ। কোনো ফাইট-ই করতে পারেনি। এই পরিস্থিতিতে তাদের পক্ষে নেপালের বিপক্ষে জেতাটা খুবই কঠিন। কারণ ভারতের কাছে নেপাল হারলেও ফাইনালে যেতে তাদের এক পয়েন্ট দরকার হবে বাংলাদেশের বিপক্ষে। তখন রক্ষণাত্মক খেলবে। আমির যোগ করেন, নেপালের ডিফেন্স লাইন খুবই ভালো। ড্র করতে তারা তা আরো সুদৃঢ় করবে। যা বাংলাদেশকে জিততে প্রবল বাধা দেবে।