আর এক দিন পরেই শুরু কাতার বিশ্বকাপ। কয়েকটি দেশ এসে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের এই দেশে। কোনো কোনো দল শেষ সময়ের প্রস্তুতি ম্যাচ খেলছে। যেমন গতকাল সংযুক্ত আরব আমিরাতের মাঠে পানামার সাথে ফিফা প্রস্তুতি ম্যাচ খেলেছে আফ্রিকার দেশ ক্যামেরুন।
৩২ দেশ শেষ বারের মতো বিশ্বকাপে অংশ নিলেও ফেবারিটের তালিকায় ৫-৬টি দেশ। ল্যাতিন জোনের ব্রাজিল, আর্জেন্টিনার সাথে ইউরোপের স্পেন, জার্মানি, ফ্রান্স। তালিকায় রাখা হয়েছে বেলজিয়াম এবং ইংল্যান্ডকেও।
তবে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের অধিকাংশের কাছে ফেবারিট আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই প্রতিবেশী দেশ ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও দুই দেশের সরকারের মধ্যে চমৎকার সম্পর্ক। ফুটবল বৈরিতায় এক দেশ অন্য দেশের সাফল্য কোনোভাবেই কামনা করে না।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল জার্মানি। এই জার্মানি সেমিতে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল। তাই ফাইনালে আর্জেন্টাইনরা আশা করেছিল জার্মানদের বিপক্ষে তাদের সমর্থন জানাবে সেই বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিলিয়ানরা। অন্তত মহাদেশীয় আত্মীয়তার কারণে কিন্তু হয়েছে উল্টো। এই ব্রাজিলকে গত বছর কোপা আমেরিকায় হারিয়ে আর্জেন্টিনা শিরোপা অর্জন করে। এবারের বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন মেসিদের দল। কিন্তু আর্জেন্টাইনরা বলছে ফেবারিট ব্রাজিলই।
বিভিন্ন দলের সাথে ফুটবল প্রেমীদের একের পর এক কাতারে আগমন। দোহার হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরে গত পরশু মধ্য রাতে দেখা আর্জেন্টিনার একদল সমর্থকদের সাথে। জাতীয় দলের প্রিয় সেই জার্সি পরেই তারা জানান দিয়েছে তারা যে ম্যারাডোনার দেশের মানুষ। বিমানবন্দরে নেমেই তাদের সরব উপস্থিতি। কিন্তু যখন তাদের কাছে জানতে চাওয়া হলো- এবার আর্জেন্টিনা ফেবারিট কিনা, সোজা উত্তর, আর্জেন্টিনা নয়; ফেবারিট দল ব্রাজিল।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বাস করা তরুণ আইনজীবি ফার্নান্ডোর মতে, ‘ফেবারিট কিন্তু ব্রাজিলই। কারণ তারা বেশ শক্তিশালী।’ বোকা জুনিয়র্সের সমর্থক এই সাবেক ফুটবলার অবশ্য ব্রাজিলকে ফেবারিট বলার পেছনে ভদ্রতার কথা উল্লেখ করলেন। জানান, আসলে কিভাবে আমরা নিজেদের ফেবারিট বলবো। তাই ভদ্রতার জন্যই বলছি ব্রাজিল ফেবারিট।
মেসির জন্মস্থান রোজারিও থেকে আসা দুই ফুটবল ভক্তের মুখেও ব্রাজিলকে এগিয়ে রাখার কথা। লুইস এবং আলভারেজ এই যুক্তিতে ব্রাজিলকে ফেবারিট বললেন, দেখুন তারা পাঁচ বার বিশ্বকাপ জিতেছে। তাদের বর্তমান দলটি বেশ গোছানো। তাই তাদেরই শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা বেশি।
অপর ল্যাতিন দেশ ইকুয়েডরের তিন সাংবাদিক ম্যাগলানিয়া ও এনজো ব্রাজিলের পক্ষেই ভোট দিলেন। অবশ্য প্রচণ্ড মেসিভক্ত পাওলিনা জানালেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ উঠবে মেসির হাতে।



