সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ গোলে জয়ের ম্যাচে আর্জেন্টিনা দলে দুই দুসংবাদ। ইনজুরির জন্য নিকো গোমেজ এবং জ্যাকুইন কোররেয়া বাদ বিশ্বকাপের দল থেকে। আমিরাতে ম্যাচ শেষ করে মেসিরা এখন বিশ্বকাপের দেশ কাতারে।
গতকাল কাতার বিশ্ববিদ্যালয় মাঠে প্রথম অনুশীলন দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। সৌদি আরবের সাথে তাদের প্রথম ম্যাচ কাতার সময় দুপুর ১টায়। এই গরম আবহাওয়ার সাথে মানিয়ে নেয়ার জন্যই গতকাল দুপুরে ২৮ ডিগ্রি তাপমাত্রায় অনুশীলন আর্জেন্টিনা দলের। তবে এই অনুশীলন ছিলেন না লিওনেল মেসি।
আর্জেন্টিনার এই অধিনায়কের সাথে প্র্যাকটিসে অনুপস্থিত ডি মারিয়া, পারেদেম, ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ফয়ত, রদরিগো ডি পল। এরা অবশ্য জিমন্যাসিয়ামে সময় কাটিয়েছেন ফিটনেস ধরে রাখতে। ফলে মেসির অনুশীলন কভার করতে আসা সারা বিশ্বের সাংবাদিকের হতাশই হতে হয়েছে।
কোচ লিওনেল স্ক্যানোলির সামনে মাঠের অনুশীলনে ছিলেন মার্কোস একুনা, লাউতারো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান কুটি গোমেজ ও পাপু গোমেজরা। এদের মধ্যে কোচের কড়া নজর ছিল লাউতারো এবং একুনার দিকে। এই দুই জনের ফিটনেসে হালকা সমস্যা আছে। ১৪ জন ফুটবলার নিয়ে অনুশীলন করেন কোচ। এর মধ্যে ছিলেন তিন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানী ও গিরোমিনো রুল্লি।
এদিকে হোটেল রুমে এবার একাই থাকবেন মেসি। এতদিন লিওনেল মেসির রুম পার্টনার ছিলেন সার্জিও অ্যাগুয়েরো। হৃদযন্ত্রের সমস্যায় ম্যারাডোনার সাবেক জামাতা অ্যাগুয়রো ফুটবল ছেড়ে দিয়েছেন। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের দুই ফুটবলারের জন্য একটি করে রুম বরাদ্দ। কাতার ইনিভার্সিটিতে আর্জেন্টিনা দলের যে ক্যাম্প তাতে অবশ্য ব্যতিক্রম শুধু লিওনেল মেসি। এবার তিনি কাউকে রুমের সঙ্গী হিসেবে নিচ্ছেন না। ২০১ নাম্বার রুমটি মেসির জন্যই। পাশের দুই রুমের একটিতে রদরিগো ডি পল ও ওতামেন্দি এবং অপরটিতে পারেদেশ ও ডি মারিয়া থাকবেন। গত বছরের কোপা আমেরিকাতে মেসির জন্ম দিনের অনুষ্ঠান করার জন্য তার রুমে অন্য ফুটবলাররা জড়ো হয়। তখন একপর্যায়ে তাদের মেসি চলে যেতে বলেন নিরিবিলি ঘুমানোর জন্য।



