সবাই আশা করেছিল বড় জয়েই শুরু হবে দর্শক প্রিয় দল আর্জেন্টিনার। কিন্তু বিশ্বের এক নম্বার ফুটবল তারকাকে নিয়ে গড়া দলটিকের প্রথম ম্যাচেই হারের লজ্জ্বা দিলো সৌদি আরব। তাদের কাছে ১-২ গোলে হারের ফলে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়াটাই কঠিন হয়ে গেছে। এখন জিততে হবে পরের দুই ম্যাচে। যেখানে প্রতিপক্ষ সৌদি আরবের চেয়েও কঠিন মেক্সিকো ও পোল্যান্ড।
কোচ লিওনেল স্ক্যালোনি এবং অধিনায়ক লিওনেল মেসি এখন পরের দুই ম্যাচ জিতে নক আউটে যেতে চান। তবে মঙ্গলবার এমন হারে বিস্মিত মেসি। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মেসি জানান, আমরা আশাবাদী ছিলাম জয় দিয়ে শুরু করবো। হয়েছে বিপরীতটা। ভাবিনি এভাবে শুরু হবে আমাদের। এখন আমাদের পরের ম্যাচেই প্রমাণ করতে হবে আমরাই গ্রুপে সেরা। সামনে এখন একটাই টার্গেট। জয় এবং জয়। হারলেই বাদ।

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনাকে (৩) হারতে হলো র‌্যাংকিংয়ে ৪৮ ধাপ পেছনে থাকা সৌদি আরবের কাছে ( ৫১)। অথচ এই ম্যাচ জিতলে তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটার রাস্তা যেমন সহজ হতো তেমনি অপরাজিত থাকার রেকর্ড আরো উন্নত করতে পারতো।

সবচেয়ে বড় বিষয় পরের দুই ম্যাচ জিততে না পারলে যে ২০০২ সালের মতো এবারও গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়তে হবে। কোচ স্ক্যালোনির তাই সোজা উত্তর, ‘আর্জেন্টিনাকে এখন ঘুরে দাঁড়াতে হবে। জিততেই হবে পরের দুই ম্যাচ।’

মিডফিল্ডার পাপু গোমেজের মতে, আমরা ৫ মিনিটের ঝড়ে শেষ হয়ে গেছি। কিন্তু এই পরিস্থিতির মুখে পড়ার মতো দল নই আমরা। প্রথমার্ধে আমরা গোল মিস করেছি। সাথে অফ সাইডে গোল বাতিলের ঘটনা। এখন আমাদের পরের দুই ম্যাচে জিততে হবে।

ডি মারিয়া জানান, আমরা ৫ গোলে জিততে পারতাম। অফ সাইড আমাদের গোল হতে দেয়নি। এখন আমাদের পরের দুই ম্যাচে জেতা ছাড়া বিকল্প কিছুই নেই।