ঠিক যেন ১৯৯০-এর ইতালি বিশ্বকাপ। সেবার আর্জেন্টিনাকে প্রথম ম্যাচেই হারের লজ্জ্বা ডুবিয়ে ইতিহাস গড়েছিল ক্যামেরুন। সেই জয়ের সূত্র ধরেই সেবার আফ্রিকার দেশটির কোর্য়াটার ফাইনালে খেলা। আর আর্জেন্টিনা হারে শুরুর পরও চলে গিয়েছিল ফাইনালে। ম্যারাডোনার দলের পর এবার মেসির আর্জন্টিনার হার বিশ্বকাপের প্রথম ম্যাচে। সৌদি আরবের কাছে পরাজয়ের ফলে লিওনেল স্ক্যালোনির দলের এখন দ্বিতীয় রাউন্ডে যেতে ২৬ তারিখ রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ নভেম্বর রাত ১টায় জিততে হবে পোল্যান্ডের বিপক্ষে।
পরশু অপর ম্যাচে পোল্যান্ড এবং মেক্সিকো গোল শূন্য ড্র করায় সুবিধাই হয়েছে মেসিদের। কিন্তু সৌদি আরবের কাছে প্রচণ্ড ধাক্কা খাওয়া আর্জেন্টিা কি ঘুরে দাঁড়াতে পারবে। সৌদির চেয়েও শক্তিশালী দল পোল্যান্ড এবং মেক্সিকো। এরপরও দলকে উজ্জীবিত করতে সব কৌশলই প্রয়োগ করছেন কোচ। এজন্য গতকাল সকালের অনুশীলনে বিশ্রাম দেয়া হয় মেসিসহ প্রথম ম্যাচে খেলা একাদশের সবাইকে। এরা সময় পার করেছেন জিমে। এরপর সময় দিয়েছেন পরিবারের সাথে। তবে পাওলো দিবালাসহ অন্য যারা খেলেননি তাদের মাঠে অনুশীলন পর্ব সারতে হয়েছে। ভেন্যু সেই কাতার ইউনিভার্সিটি মাঠ।
ঘুরে দাঁড়ানোর অভ্যাস আলবিসেলেস্তের পুরনো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও তারা এভাবে ঘুরে দাড়াঁয়। প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ড্র করার পর ক্রোয়েশিয়ার কাছে হার। এরপর শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়া। ১৯৯০ সালে প্রথম ম্যাচে হারের পর রোমানিয়ার সাথে ১-১ গোলে ড্র এবং সোভিয়েত ইউনিয়নকে ২-০-তে হারিয়ে নক আউটে পদার্পন।
গত বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে মাস্ট উইন ম্যাচে মেসির গোল ছিল (২-১ গোলে জয়)। এবার প্রথম ম্যাচে স্পট কিকে গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এখন বাকি দুই ম্যাচেও তার দিকে তাকিয়ে দল।
সৌদি বিপক্ষে অফসাইডে তিন গোলবাতিল হয় আর্জেন্টিনার। মধ্যপ্রাচ্যের দেশটির হাই ডিফেন্সের কৌশলের ফাঁদেই পড়ে ল্যাতিন দর্শক প্রিয় দেশটি। সে বিষয়ের চুল চেরা বিশ্লেষণ হচ্ছে।
অবশ্য মেক্সিকো এবং পোল্যান্ড কাগজে কলমে সৌদি আরবের চেয়েও শক্তিশালী। তাদের জয়ের বাধ্যবাদকতা পরের রাউন্ডে যেতে । তাই তাদের খেলায় আরব দেশটির মতো রক্ষনাত্মক কৌশল থাকবে না। এতে সুবিধা হবে মেসিদের। তবে ডিফেন্স লাইনে যে সমস্যা ধরা পড়ে সৌদি আরবের বিপক্ষে তা সমাধান না করলে বিপদ আরো বাড়বে আর্জেন্টিনার।
দলকে নক আউটের রেসে রাখতে সব চেষ্টাই করছেন কোচ স্ক্যালোনি। অন্যদিন বিকেল বা সন্ধ্যায় অনুশীলন হলেও কাল এ পর্ব সম্পন্ন হয় সকালে।



