মেট্রোতে পাওয়া গেল মেক্সিকো থেকে আসা ২২-২৩ বছরর দুই তরুণ মেক্সিকান সমর্থককে। এই তাদের প্রথম বিশ্বকাপ। শনিবার তাদের উপস্থিতি থাকবে লুসাইল স্টেডিয়ামে। যেখানে বাঁচা- মরার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকার মুখোমুখি আর্জেন্টিনা।
কনকাকাফ অঞ্চল থেকে কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করা এই দেশটির বিপক্ষে ল্যাতিন দেশটির রেকর্ড খুবই ভালো। আর বিশ্বকাপে তাদের বিপক্ষে মেসি-ম্যারাডোনাদের দেশের শতভাগ সাফল্য। এবার সেই ধারায় অবসান ঘটাতে চায়ে মেক্সিকো।
ওই দুই তরুনের কণ্ঠ থেকে বেরুলো, ‘আমাদের দুইজনের প্রথম এই বিশ্বকাপে মেক্সিকোও আজ প্রথম বারের মতো হারাবে আর্জেন্টিনাকে।’ ‘সি’ গ্রুপের এই ম্যাচে তাদের দলের যেমন জয় দরকার, তেমনি জয়ের বিকল্প নেই লিওনেল স্ক্যালোনিদের।
বিভিন্ন আসর মিলে এ পর্যন্ত আর্জেন্টিনা এবং মেক্সিকোর দেখা ৩৫ বার। এতে আর্জেন্টাইনদের জয় ১৬ বার। মেক্সিকোর বিজয়ের হাসি ৫ বার। বাকি ১৪ ম্যাচ ড্র হয়েছে।
২০০৬ সাল থেকে এ পর্যন্ত উভয় দলের ৮ ম্যাচের প্রত্যেকটিতেই জয় আর্জেন্টিনার। প্রত্যেকটিতেই ২ বা ততোধিক গোলে জয়। এর মধ্যে সর্বশেষ ২০১৯ সালের ফিফা প্রীতি ম্যাচে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা ৪-০ তে হারিয়েছিল তাদের। মেক্সিকানদের শেষ বারের মতো আর্জেন্টিনা বধ ২০০৪ সালের কোপা আমেরিকাতে। সে ম্যাচের স্কোর ছিল ১-০।
বিশ্বকাপে তিনবার দেখা স্প্যানিশ ভাষাভাষী এই দুই দলের। সব বারই জিতেছে আর্জেন্টিনা। প্রথমটি ১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপে। সেবার দক্ষিণ আমেরিকার দেশটি ৬-৩ গোলে উড়িয়ে দেয় প্রতিপক্ষকে। ২০০৬ সালের জার্মান বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে লিড নিয়েও জিততে পারেনি উত্তর আমেরিকার দেশটি। ২-১এ শেষ হাসি হোসে পেকারম্যান- রাবার্তো আয়ালার দলের। ২০১০ বিশ্বকাপেও দুই দলের দেখা দ্বিতীয় রাউন্ডে। কোচ দিয়েগো ম্যারাডোনার দল জয় তুলে নেয় ৩-১ গোলে।
শনিবার কি আর্জেন্টিনা পারবে সারা বিশ্বের শত কোটি দর্শকের হৃদয় জয় করে তিন পয়েন্ট আদায় করতে। আর মেক্সিকো কি পারবে এই দলের বিপক্ষে তাদের টানা হারের বৃত্ত থেকে বের হতে। আর্জেন্টিনা প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ গোলের বাজে হারের পর পয়েন্ট শূন্য অবস্থায় আছে। অন্য দিকে পোল্যান্ডের সাথে গোলশূন্য ড্র করে ভাণ্ডারে এক পয়েন্ট জমা করেছে ১৯৭০ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপের আয়োজকরা।
প্রথম ম্যাচে বিশ্বকাপের সবচেয়ে বড় আপসেটের শিকার হয়ে আর্জেন্টিনা এখন ভীষণ চাপের মুখে। এই অবস্থা থেকে এশিয়ার দেশটির চেয়ে অনেক অনেক শক্তিশালী মেক্সিকোকে হারিয়ে আজ ঘুরে দাঁড়াতে হবে ১৯৭৮ এবং ১৯৮৬ এর চ্যাম্পিয়দের। কাল সংবাদ সম্মেলনে কোচ স্ক্যানোনি এবং স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ জানান, আমরা কোনো চাপে নেই। জিততে হবে, কোনো ভুল করা যাবে না- এটাই জানে দলের সবাই।
দুই দলের পারস্পরিক অবস্থান-
দুই দলের দেখা ৩৫ বার।
আর্জেন্টিনার জয় ১৬ বার।
মেক্সিকো জয় ৫ বার।
১৪ ম্যাচ ড্র
বিশ্বকাপে সাক্ষাৎ ৩ বার।
আর্জেন্টিনার জয় ৩, মেক্সিকো ০।



