রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ এলাকার একটি মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হওয়া লোকদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ঘটনার সময় মাইলস্টোন স্কুল ও কলেজে শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্কুলের অভিভাবকরাও খবর পেয়ে ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে। অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন।

বিমান বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, খবর পেয়েছি, মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত জানার চেষ্টা করছি।

স্থানীয় সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। কয়েকজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।