‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদরদফতরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইবার নিরাপত্তাকে বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনাল প্রয়োজন হিসেবে উল্লেখ করেন। অপারেশনাল কার্যকারিতা নিশ্চিত করতে নিরাপদ এবং সাইবার হুমকি মোকাবেলায় সক্ষম ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ বলেন, বিমানবাহিনীর আধুনিকায়নের সাথে সামঞ্জস্য রেখে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। একইসাথে বিমানবাহিনীর সব সদস্যকে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে গ্রহণ এবং সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা অনুসরণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি (সিডব্লিউঅ্যান্ডআইটি) পরিদফতরের পরিচালক উপস্থিত সবাইকে স্বাগত জানান। স্বাগত বক্তব্যে তিনি বিমানবাহিনীর কার্যক্রম ও গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সচেতনতামূলক উপস্থাপনা, মতবিনিময় সভা এবং সচেতনতা যাচাইমূলক কুইজের আয়োজন করা হবে।
এছাড়া, বিমানবাহিনীর পরিবারের সদস্যদের পাশাপাশি বিএএফ শাহীন স্কুল ও কলেজগুলোর শিক্ষার্থীদের জন্যও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, ঢাকা এরিয়ার এয়ার অধিনায়করা, বিমান সদরের পরিচালকরা এবং বিভিন্ন ঘাঁটির নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) সদস্য ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।






