রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ মাঠে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় সেখানে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলমান ছিল। সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ দুপুরে মাইলস্টোন কলেজ মাঠে ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি বিমান ভেঙে পড়ে। এ সময় সেখানে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও।

এ ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন। তবে এখন পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। একইসাথে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।