গাজীপুরের শ্রীপুরে গার্মেন্টের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদল ও কৃষকদলের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত শ্রীপুর পৌর এলাকার ২নং সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, শ্রীপুর পৌর এলাকার সিঅ্যান্ডবির এসকিউ সেলসিয়াস সোয়েটার কারখানার ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার পান যুবদল নেতা এস এম পলাশের ‘চঞ্চল এন্টারপ্রাইজ’। গতকাল সকালে তার লোকজন কারখানায় ঝুঁট বের করতে যান। এ সময় কৃষক দলের কয়েকজন নেতাকর্মী ও তাদের লোকজন পলাশের লোকজনকে বাধা দেয়। একপর্যায়ে কৃষক দল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দিয়ে সড়ক অবরোধ করে রাখে। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় একটি হায়েস ও তিনটি প্রাইভেটকারসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।