দালালের মাধ্যমে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই শিশুসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। গত শনিবার মধ্যরাতে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলারসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- দিনাজপুরের খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের প্রভাস চন্দ্র রায়ের ছেলে পঞ্চানন চন্দ্র রায়, তার শ্যালক তপু চন্দ্র রায়, একই গ্রামের পরেশ চন্দ্র রায়ের মেয়ে তাপসী রানি রায়, তার ছেলে দীপ্ত চন্দ্র রায় ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেম্রমের ছেলে পাওলিনা হেম্রম।
এ ব্যাপারে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল ইসলাম জানান, রামচন্দ্রপুর বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার হতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী পাঁচজনকে আটক করে বিজিবি। আটকদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিরল থানার ওসি আব্দুস সবুর জানান, এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। দু’জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এর আগে গত শুক্রবার দিনাজপুরের হিলি সীমান্তেও একজনকে আটক করা হয়।





