লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়িরমাথা নামক এলাকায় সচেতন এলাকাবাসী গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে এক মাদকবিরোধী র‌্যালি ও পথসভা করেছে। এ সময় বক্তব্য রাখেন কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব রেদোয়ান হোসেন, কমলনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদুল্লাহ রাজু, হেলাল মাস্টার, মুকুট বাবু, মিলন মিয়া ও ডালিম কুমার দাস। বক্তারা মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের লিডারদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
জানা যায়, চরকাদিরা ইউনিয়নটির বিভিন্ন স্পটকে ঘিরে এখন মাদকের হাটে পরিণত হয়েছে। ইউনিয়নটির ৭, ৩ ও ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে জমজমাট হয়ে উঠেছে মাদকাসক্তদের আড্ডা। সন্ধ্যা হলেই এসব মাদকাসক্তরা আড্ডায় মেতে ওঠে। এতে ওই সব এলাকার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও এসব অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। উঠতি বয়সের তরুণরাও দিনদিন মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে।
কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে আমরা খবর পেয়েছি। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।