বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী যুবলীগ ক্যাডার নিঝুম আনসারী নাহিদকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে জনগণ। গত সোমবার বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। নিঝুমের নামে ২০১৩ সালে ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে। রুহানী হত্যা মামলায় সে ২ নং আসামি।
বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, নিঝুমকে ডিবি হেফাজতে নেয়া হয়। তাকে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান গুলিবিদ্ধ হন। তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান। এ ঘটনায় রায়হানের মা রওশন আরা বেগম বাদি হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত ১ নং আসামি দুপচাঁচিয়ার সাবেক পৌর মেয়র ও উপজেলা লীগের সহসভাপতি বেলাল হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব।
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, গত রোববার গভীর রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে।