সংস্কৃতি চর্চার ওপর আগ্রাসনের প্রতিবাদে এবং সারা দেশে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিতের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তারা জানান, গত শনিবার কিছু বিক্ষিপ্ত মানুষের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির মূল মঞ্চে মঞ্চায়ন রত অবস্থায় ‘দেশ নাটক’ এর ‘নিত্যপুরাণ’ নাটকটি বন্ধ ঘোষণা করা হয়। মব লিঞ্চিংয়ের ভয়ে মাঝপথে নাটক বন্ধ করে দেয়ার ঘটনা সংস্কৃতি চর্চার ওপর আগ্রাসনেরই শামিল। সংস্কৃতি চর্চার দীর্ঘদিনের প্রতিবাদী এবং সংগ্রামী ইতিহাস আমাদেরকে সব সহিংসতা সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের সাহস জোগায়। আর তাই সংস্কৃতিকর্মীরা একত্রিত হয়ে রুখে দিতে হবে সব অপশক্তিকে।
এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের একাংশের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন, আজকে আমরা এখানে সংস্কৃতির প্রতি দায়বদ্ধ হয়ে এখানে দাঁড়িয়েছি। গত ২ নভেম্বর মব লিঞ্চিংয়ের শিকার হয় আমাদের দেশীয় নাট্য শিল্প। অন্তর্বর্তীকালীন সরকার তাদের চেয়ারে বসার পর যত সময় পেরোচ্ছে তারা ততই যেন শিল্প ও সংস্কৃতির প্রতি তাদের দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছে।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান বলেন, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একটি নাটককে মাঝপথে থামিয়ে দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি দোষী-সহিংসতাকারীকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।





