বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, যারা তিনটি জাতীয় নির্বাচনে জাতিকে ভোট দিতে দেয়নি, তাদেরকে আগামী তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে দিবে না। কর্তৃত্ববাদী দল সাড়ে ১৫ বছর ক্ষমতা দখলে রেখে জামায়াতের শীর্ষস্থানীয় ১১ জন নেতাকে বিচারের নামে প্রহসন করে হত্যা করেছে। তিনি আরো বলেন, জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে অন্যায়কারীদের শাস্তি নিশ্চিত করতে জামায়াত বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী বিভাজনমুক্ত ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চায়।
গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আসাদুল হক বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ ও দিনাজপুর জেলা জামায়াত অফিসে জেলা মজলিসে শূরা ও দায়িত্বশীলদের পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমির প্রিন্সিপাল আনিসুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ আফতাব উদ্দীন মোল্লা ও সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের নবনির্বাচিত সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ ও সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত। এ সভায় ২০২৫-২৬ কার্যকালের জন্য ১৫ সদস্যের জেলা কর্মপরিষদ গঠন করা হয়।