কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তাভর্তি দুই লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকায় ছয়জন ব্যক্তি নাফ নদ সাঁতরিয়ে সীমান্তের শূন্য লাইন ক্রস করে এদেশের অভ্যন্তরে কেওড়া বাগানের দিকে আসে। পরে নাজিরপাড়া বিওপির দু’টি চোরাচালান প্রতিরোধ টহলদল ওই ব্যক্তিদের ধাওয়া করলে চোরাকারবারিরা রাতের অন্ধকারের সুযোগে কয়েকটি ব্যাগ ফেলে দিয়ে নাফ নদীর তীরে ঘন কেওড়া বাগানের ভিতরে পালিয়ে যায়। টহলদল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচারনা করে তিনটি ব্যাগের ভেতর থেকে দুই লাখ ৪৮ হাজার পিস মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

তিনি আরো জানান, টহলদল কর্তৃক ওই এলাকায় বুধবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।