বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সান্তাহার রেলওয়ে থানাধীন রানীনগর স্টেশনের চকের ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর রানীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত ইসমাইল প্রামাণিকের ছেলে কুরবান প্রামাণিক (৩০) ও তার মেয়ে কোহেলী (১০)। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান বাবা ও মেয়ে। এরপর লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।