বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে প্রায় ২০০ ব্যক্তি। সম্প্রতি প্রতারণার মাধ্যমে এফিডেভিট ও মামলার রায় নকল করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেফতার এবং তাদের কাছ থেকে জাল স্বাক্ষরিত এফিডেভিট করা স্ট্যাম্প উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনÑ গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে সদরুল কবির, গাবতলী উপজেলার চকসদু গ্রামের রেজাউল করিমের ছেলে ওহাব শিপন ও একই উপজেলার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো: আক্তারুজ্জামান। গ্রেফতারকৃত সদরুল কবির আদালতে জানায়, তাদের টিমে প্রায় ২০০ সদস্য রয়েছে।
জানা গেছে, বুধবার বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকের আদালতে আসমা মাহবুব নামের এক ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্যাম্প তদন্তে গেলে তা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নজরে আসে। তিনি তাৎক্ষণিক আদালতকে জানান, বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। বদলি হয়ে যাবার পরেও প্রতারক চক্র তার সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছে।
আদালত বিষয়টি ওসি ডিবি মুস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের অফিস চত্বরে অবস্থিত স্ট্যাম্প ভেন্ডার দোকান থেকে তাদের গ্রেফতার করে। বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মুস্তাফিজ হাসান বিষয়টি নিশ্চিত করেন।





