রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা ওমর ফারুক চৌধুরীসহ ৬৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরো ৩৫০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) জেলার গোদাগাড়ী পৌরসভার মাদারপুর মহল্লার বাসিন্দা মো: আরিফ (২৩) নামে এক তরুণ গোদাগাড়ী থানায় এ মামলা করেন।

জানা গেছে, আরিফ গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গুলি লেগে আহত হন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর তিনি এই মামলা করেন।

মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরী গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। নতুন মামলায় ফারুক চৌধুরী ছাড়াও গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার সাবেক মেয়র অয়েজউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী থানার ওই সময়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: বদিউজ্জামান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ ৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, ‘একজন উপ-পরিদর্শককে এই মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’