অবশেষে ছয় সপ্তাহের মধ্যে দু’সপ্তাহের বকেয়া মজুরি পেয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা শ্রমিকরা।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মাধবপুর চা বাগানের ১১ শ’ ৫০ জনকে দু’সপ্তাহের তলব (মজুরি) দেয়া হয়।

গত সপ্তাহে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে বুধবার সাপ্তাহিক তলব (মজুরি) দেয়ার কথা ছিল। কিন্তু ব্যাংক টাকা দিতে না পারায় মজুরি দিতে ব্যর্থ হয় বাগান কর্তৃপক্ষ। এ বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুর রহমান মুন্না।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রম অধিদফতর কার্যালয়ে চা শ্রমিকদের শীর্ষ পর্যায়ের নেতা ও ন্যাশনাল টি কোম্পানির কর্তৃপক্ষের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বৈঠকে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান, এনটিসি-এর মহাব্যবস্থাপক এমদাদুল হক, ডিডিএল নাহিদুল ইসলাম এবং চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নিপেন পাল, সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরিসহ অনেকে। এ বৈঠকে ৫ ডিসেম্বর কাজে যোগ দেয়ার প্রথম দিন শ্রমিকদের দু’ সপ্তাহের বকেয়া মজুরি দেয়া, মাসিক বেতনধারী শ্রমিকদের এক মাসের বেতন দেয়া, শ্রমিক-কর্মচারীদের বেতন নিয়মিত পরিশোধ, বাগানের কর্মচারীদের ২০ ডিসেম্বরের মধ্যে এক মাসের বেতন দেয়া, বাগান বন্ধের দিনগুলোতে চা শ্রমিকদের রেশন কর্তন না করা, বোনাস ও বার্ষিক ছুটির দিন গণনার ক্ষেত্রে বাগান বন্ধের দিনগুলো অনুপস্থিত না দেখানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এছাড়া অবশিষ্ট বকেয়া মজুরি আগামী ২০২৫ সালের মার্চের মধ্যে পরিশোধ করা হবে। একইসাথে ২০২৫ সালের ৭ এপ্রিলের মধ্যে প্রভিডেন্ট ফান্ডের বকেয়া চাঁদা পরিশোধ করা হবে। এসব সিদ্ধান্তের প্রেক্ষাপটে শ্রমিকরা ৫ ডিসেম্বর বৃহস্পতিবার কাজে যোগ দেয়ার প্রতিশ্রুতি দেয়।