হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর উত্তরপাড় মহল্লার সোলেমান মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত নারী তার স্বামীর সাথে মোটরসাইকেলে ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই নারী ছিটকে পড়েন। ট্রাকটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করার পাশাপাশি ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।’