‘রক্তই হোক ঐক্যের ভিত্তি’ এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছায় এক লাখ ব্যাগ রক্তদান কর্মসূচি বাস্তবায়নে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধের ভিআইপি অভ্যর্থনা কেন্দ্রের বারান্দায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং রিদম ব্লাড সেন্টারের বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
মো: জহিরুল ইসলাম জানান, আশুলিয়ার বাইপাইল থেকে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন শহীদদের শ্রদ্ধা জানাতে। ভেতরে যাওয়ার সময় তার চোখে পড়ে রক্তদান কর্মসূচির বিষয়টি। পরে তিনি এখানে এসে রক্ত দেন।
তিনি জানান, এর আগেও বেশ কয়েকবার রক্ত দিয়েছেন। তার রক্তে যদি কেউ উপকৃত হন তাহলে এটাই তার প্রশান্তি।
রিদম ব্লাড সেন্টারের পরিচালক ডা: এস এম মামুন জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেই এ কার্যক্রম চলছে। চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। গতকাল উত্তরা-এয়ারপোর্ট এলাকা, নারায়ণগঞ্জ এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে এ কার্যক্রম চলে। এ পর্যন্ত (বেলা ২টা) জাতীয় স্মৃতিসৌধে আট ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। আশা করি, সব মিলিয়ে ১০০ ব্যাগের মতো রক্ত সংগ্রহ এবং দুই হাজার ব্লাড গ্রুপিং করা যাবে।
এ সময় রিদম ব্লাড সেন্টারের পরিচালক ডা: অমিত হাসান শুভ, ডা: হামীম শরীফ, ডা: আমানুল্লাহ প্রমুখসহ ১৮ জন স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।





