মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ফিলিং স্টেশনের পরিত্যক্ত ট্যাঙ্ক থেকে শিশু জুনায়েদের (১০) লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। রোববার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাঁসাড়া ফিলিং স্টেশনের ট্যাঙ্ক থেকে তার উদ্ধার করা হয়। এর আগে রাত ৭টার দিকে স্থানীয়রা ট্যাংকে লাশ দেখে থানায় জানান। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ফায়ার সার্ভিস কাজ শুরু করার আধা ঘণ্টা পরে ট্যাঙ্কের গ্যাস বিস্ফোরণ ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ কারণে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়।
স্থানীয়রা জানান, হাঁসাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ নাসিমের মালিকানাধীন ফিলিং স্টেশনটি প্রায় ১ মাস ধরে বন্ধ ছিল।
এটি পুনরায় চালু করার জন্য ট্যাঙ্ক পরিষ্কারের কাজ চলছিল। কিন্তু কী কারণে এর মুখ খোলা রাখা হয়েছিল, তা কেউ বলতে পারছে না।
সেখানে আলমপুরের রাহাত (১২), হাঁসাড়ার জুনায়েদ (১০)-সহ আরো এক শিশু কাজ করত এবং রাতে ঘুমাত।
মৃত জুনায়েদ চার ভাইয়ের মধ্যে সবার ছোট। সে হাঁসাড়া নয়াপাড়া এলাকার নুরু শেখের ছেলে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে ডুবরি দল এনে উদ্ধার কাজ শেষ করা হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, শিশুর লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





