মৌলভীবাজারে জেলা জামায়াতের আয়োজনে স্বাধীনতার ৫৩ বছর পর খোলা মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্মী সম্মেলন। আগামীকাল শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে জামায়াতের আমির ডা: শফিকুর রহমানের নিজ জেলায় আসা উপলক্ষে ব্যাপক প্রচারণা চলছে। সাধারণ মানুষের আগ্রহ জন্মেছে এই অনুষ্ঠানকে ঘিরে।
মৌলভীবাজার জেলা জামায়াত সূত্রে জানা যায়, ধারণা করা হচ্ছে এই সম্মেলনে লক্ষাধীক মানুষের সমাগম হবে। সম্মেলন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার জেলার সন্তান জামায়াতের আমির ডা: শফিকুর রহমান।
মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম বলেন, সম্মেলনকে কেন্দ্র করে জেলার প্রতিটি এলাকার কর্মীরা উজ্জীবিত হয়ে কাজ করছেন। সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এখানে আমিরে জামায়াত কথা বলবেন।
মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী বলেন, আমরা দীর্ঘ ১৭ বছরের জুলুম নির্যাতন, নিষ্পেষণে থেকে কথা বলার অধিকার হারিয়ে ছিলাম। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পোস্টার, লিফলেট, মাইকিং, ব্যানার, ফেস্টুন, তোরণসহ প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। ২১ তারিখের সম্মেলনে যোগ দিতে জেলাবাসী উদগ্রীব হয়ে আছে।