দেশবিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। গতকাল সোমবার সকালে মেহেন্দীগঞ্জের মুক্তিযোদ্ধা মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশকে ঘিরে মেহেন্দীগঞ্জ বিএনপি এবং সব অঙ্গ সহযোগী সংগঠন সপ্তাহ ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। যার ফলশ্রুতিতে মেহেন্দীগঞ্জের ১৬টি ইউনিয়ন এবং পৌরসভার সর্বস্তরের জনগণ জনসভায় অংশগ্রহণ করে। ফলে কানায় কানায় ভরে উঠে সমাবেশ প্রাঙ্গণ। জনসভাস্থলে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারীদের উপস্থিতি ভিন্নমাত্রায় যোগ করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। তিনি জুলাই আগস্টের শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজিব আহসান বলেন, বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল। সরকারের উচিত যথা দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করা। তা না হলে সরকার দেশের জনগণের আস্থার জায়গায় কুঠারাঘাত করবে বলে উল্লেখ করেন তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব আহমেদ সেলিম এবং পৌর বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহীন লিটনের সঞ্চালনায় সমাবেশের বক্তব্য দেন- বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু প্রমুখ।