মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামে আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত যুবকের নাম বিপ্লব (৩২)। তিনি রাজধানীর নতুন বাজার এলাকার আক্তার হোসেনের ছেলে।
জানা গেছে, গত প্রায় ১০ বছর আগে রাজধানীর নতুন বাজার এলাকার বিপ্লবের সাথে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নতুন বলাকী গ্রামের রুহুল আমিনের মেয়ে রাবেয়া আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। দশ বছরের সংসার জীবনে তাদের দু’টি কন্যাসন্তান রয়েছে। বিপ্লব ঢাকায় একটি লন্ড্রি দোকানে চাকরি করতেন। বিয়ের পর প্রথম দুই বছর রাবেয়া স্বামীর সাথে ঢাকাতে থাকলেও বিপ্লবের চাকরি চলে যাওয়ায় আর্থিক অভাব অনটনের কারণে গত আট বছর ধরে সে তার বাবার বাড়ি নতুন বলাকী গ্রামে বসবাস করছিলেন। নেশাসক্ত বিপ্লব কাজকর্ম করতে চাইতো না। বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো।
সর্বশেষ গত বুধবার রাতে শশুরবাড়িতে আসলে বিপ্লবকে অপমান অপদস্থ করে শ্বশুরবাড়ির লোকজন। এই ঘটনার কিছুক্ষণ পর রাত বারোটার দিকে শ্বশুরবাড়ির অদূরে একটি আমবাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পায় লোকজন। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী রায়েরা আক্তার বলেন, গত ১৫-১৬ দিন আগে কাউকে না জানিয়ে সে ঢাকা চলে যায়। গতকাল রাত সাড়ে বারোটার দিকে খবর পেলাম আম বাগানে তার লাশ ঝুলছে।
গজারিয়া থানা ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে।