বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশে প্রথম রাজনীতি করার সুযোগ পায়। গতকাল বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে শহীদ অধ্যাপক আব্দুল ওয়াহেদ মণ্ডলের ২৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
রিজভী বলেন, যে দল ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেছে, হত্যা করেছে নির্বিচারে, জামায়াত বলে বসল তারা আওয়ামী লীগকে মাফ করে দেবে। আবু সাঈদ, মুগ্ধর রক্তকে কিভাবে মাফ করবেন, প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী।
জামায়াতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, উসকানি ছড়াচ্ছে। সেই ভারত আপনাদের কাছে প্রিয় হয়ে গেল! এটা খুবই দুঃখজনক।
তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম মো: সামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, সদস্যসচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সদস্যসচিব মামুনুর রশীদ মামুন প্রমুখ।





