তারেক রহমানের ৩১ দফা হয়তো আপনারা পড়েছেন। বর্তমান সময়ে বিএনপি অনেক দূর চলে এসেছে, আমরা আর প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। তারেক রহমানের অনুরোধে ৩১ দফায় যা কিছু উল্লেখ আছে সেগুলো যেন সবার কাছে পৌঁছিয়ে দেয়া হয়। আয়না ঘর পরিদর্শন করেছি যেখানে আমি সাত মাস বন্দী ছিলাম। সিনিয়র নেতাদের বক্তব্যে বলা হয়েছে হুম্মাম কাদেরের ওপর বেশি অত্যাচার হয়েছে, আর আমি বলছি আমার থেকে আমার বাবার ওপর বেশি অত্যাচার হয়েছে, যার কারণে আমি আমার বাবাকে হারিয়েছি আর আপনারা আপনাদের ভাইজানকে হারিয়েছেন। আমার মতো দশটা হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদেরের জায়গায় উপনীত হতে পারব না। আপনারা আমার বাবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের এভাবে ভালোবাসা দেয়ার জন্য। রাঙ্গুনিয়ার মানুষ সালাহউদ্দিন কাদের ও তার পরিবারকে কত ভালোবাসে এটা অনেকবার প্রমাণ পেয়েছি।
বিএনপি নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি আবদুল আলীম সওদাগর। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। উদ্বোধক ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ওয়াকিল আহমদ। জিয়া মঞ্চ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ সিকদার, জেলা বিএনপি নেতা সৈয়দ ফজলুল করিম মিনা, জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল, যুগ্ম সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন রুবেল প্রমুখ।