নীলফামারীর ডিমলায় মানা হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা। ২০১৮-১৯ শিক্ষা বর্ষে এইচএসসি প্রথমবর্ষে ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে উপজেলার বড় কলেজগুলো আদায় করছে অতিরিক্ত ফি।
জানা গেছে, গত বুধবার থেকে কলেজগুলোতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক (এইচএসসি) প্রথমবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। জরিমানা ছাড়া এ ভর্তিকার্যক্রম চলবে আগামী শনিবার পর্যন্ত।
অভিযোগ উঠেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে বিভিন্ন অজুহাতে ডিমলা উপজেলরা জনতা ডিগ্রি কলেজ, তিস্তা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া কলেজ ও ইসলামিয়া ডিগ্রি কলেজ এবং এমপিও বহির্ভূত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তিবাবদ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। ফলে হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের অভিভাবকেরা ভর্তির টাকা যোগান দিতে গিয়ে হিমশিম খাচ্ছে।
অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব হোসেন ফোনে বলেন, আমরা দুই হাজার টাকার মতো নিচ্ছি। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য কলেজ এক হাজার টাকার বেশি নিতে পারলে আমরা নিতে পারব না কেন? উপজেলার শহীদ জিয়া কলেজের ভর্তি কমিটির সদস্য হালিনুর রহমান নামে এক শিক্ষকের সাথে ফোনে কথা হলে, বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় এক হাজার ৮০০ টাকা ভর্তি ফি নেয়ার কথা তিনি স্বীকার করেন। তিস্তা কলেজের অধ্যক্ষ সৈয়দ আলীকে ফোনে পাওয়া যায়নি। এদিকে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসিম হায়দার অপু বলেন, আমরা যে টাকা নিচ্ছি তার কাগজপত্র দেখতে চাইলে কলেজে আসতে হবে।
নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, অতিরিক্ত ভর্তি ফি আদায় করা হলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে ইউএনওকে খোঁজখবর নিতে বলব।