রাঙ্গামাটির কাউখালীতে উপজাতীয় সন্ত্রাসীরা অংচাজাই মারমা (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি ও জবাই করে হত্যা করেছে। ২০ আগস্ট সোমবার রাত ৯টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের যৌথখামার এলাকায় এ ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি মো: কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগদিশ চাকমা জানান, যৌথখামার এলাকার পাইমাপ্রু মারমার ছেলে অংচাজাই মারমা গত সোমবার রাতে তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যান। রাতে বাড়ির পাশে ঝর্ণায় গোসল করতে গেলে ছয়-সাত জনের সশস্ত্র গ্রুপ তাকে সেখান থেকে ধরে নিয়ে যায়। বাড়ি থেকে সামান্য দূরে নিয়ে তাকে প্রথমে গুলি করে সন্ত্রাসীরা। পরে মৃত্যু নিশ্চিত করার জন্য গলা কাটে। চেয়ারম্যান জানান, তিনি একজন নিরীহ ব্যবসায়ী এবং আঞ্চলিক কোনো গ্রুপের সাথে জড়িত নন। দীর্ঘ দিন ধরে যৌথখামার এলাকায় মুদি দোকান দিয়ে বেশ স্বাচ্ছন্দে জীবন যাপন করছিলেন।
নিহত অংচাজাই মারমা আঞ্চলিক কোনো রাজনীতির সাথে জড়িত না থাকলেও জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগের সাথে জড়িত বলে একটি সূত্রে জানা গেছে। এ ব্যাপারে ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সিরাজ উদ্দিন কাউছার জানান, ওই এলাকার অংচাজাই মারমা নামে আমাদের এক ওয়ার্ড নেতা রয়েছেন। অংচাজাই সেই ব্যক্তি কিনা আমরা যাচাই বাছাই করে দেখছি।
অন্য একটি সূত্র জানিয়েছে ওই এলাকাটি চুক্তিবিরোধী ইউপিডিএফ অধ্যুষিত এলাকা হওয়ায় বিভিন্ন সময় ইউপিডিএফ’কে সাহায্য-সহযোগিতা করত নিহত অংচাজাই। তবে আঞ্চলিক রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে এবং খাগড়াছড়ির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপ তাকে হত্যা করেছে কিনা এ বিষয়টি কোনো বিশ্বস্ত সূত্র এখনো নিশ্চিত করে বলতে পারছে না।
কাউখালী থানার ওসি মো: কবির হোসেন জানান, রাত ৯টায় যৌথখামার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে বলে তিনি জানান।
কাউখালীতে উপজাতীয় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
রাঙ্গামাটির কাউখালীতে উপজাতীয় সন্ত্রাসীরা অংচাজাই মারমা (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি ও জবাই করে হত্যা করেছে। ২০ আগস্ট সোমবার রাত ৯টায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের যৌথখামার...





