নীলফামারীর ডিমলা উপজেলা তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে দু’টিতেই হেরেছে আওয়ামী লীগের প্রার্থী।

গত রোববার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী, গয়াবাড়ী ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলা খগাখড়িবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীক নিয়ে চার হাজার ৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন তিন হাজার ৮১৮টি। গয়াবাড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সামসুল হক আনারস প্রতীক নিয়ে সাত হাজার ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাবেক চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন চার হাজার ৫৬৮টি। অন্য দিকে টেপাখড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মইনুল হক নৌকা প্রতীক নিয়ে পাঁচ হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন আনারস প্রতীকে ভোট পেয়েছেন চার হাজার ৮৯৩টি। 

রোববার রাত ১১টায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা ওই তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের ভোটের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। তারা বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ডিমলা উপজেলার চারটি ছিটমহল বিলুপ্ত হলে উল্লিখিত তিনটি ইউনিয়নের সীমানা জটিলতায় উচ্চ আদালতে মামলা দায়ের হয়। মামলার কারণে ২০১৬ সালের ঘোষিত তফসিল ওই তিনটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছিল। আদালতে মামলা নিষ্পত্তি হওয়ায় ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত পত্রে স্থগিত ইউনিয়ন তিনটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে রোববার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।