নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে লাল মিয়া নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আব্দুল লতিফ ভূঁইয়ার ছেলে আব্দুস সামাদ ও সামাদের ছেলে মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলার ললাটি গ্রামের পরান বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ললাটি গ্রামের আব্দুস সামাদের সাথে খোরশেদ গংয়ের প্রায় ২০ শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল দীর্ঘ দিন ধরেই। জমিটি খোরশেদ গংদের দখলে রয়েছে এবং এ নিয়ে একাধিকবার বিচার সালিস হলেও তাতে রায় যায় খোরশেদ গংদের পক্ষে। সম্প্রতি আব্দুস সামাদ সনমান্দী ইউনিয়নের মারুফদী এলাকার আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির কাছে জমিটি বিক্রি করে দেয়। এই জমিসংক্রান্ত এক মামলায় চলতি সপ্তাহে জমির দখলে থাকা খোরশেদ, নূর আলম, মাজারুল, মালা, নাজমা ও আসমাকে গ্রেফতার করে পুলিশ। মামলার জামিনের আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠায়।
এ সুযোগে বাড়ি পুরো খালি পেয়ে সামাদ গং ও জমির ক্রেতা রানা মদনপুরের হাবিবুর রহমান হাবিব, মিঠু, ডিস আলামিনসহ ৭০-৮০ জন নিয়ে জমি দখল করতে ও সাইনবোর্ড টানাতে যায়। এতে বাধা দেয় খোরশেদের ফুফা লাল মিয়া মিস্ত্রি। বাধা দিতে আসার সাথে সাথেই ৭০-৮০ জন মিলে তাকে বেদম প্রহার করে গুরুতর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।