শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্তে তিন পরিবারের বসতঘর গুঁড়িয়ে দিয়েছে বন্যহাতি। শুক্রবার রাতে উপজেলার গোমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা, ইউপি সদস্য শাহজাহান ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১০টায় ২৫-৩০টি বন্যহাতির একটি দল গ্রামের উসমান আলীর বাড়িতে হানা দেয়। এ সময় হাতির দল উসমান আলীর একটি ও তার দুই ছেলের দু’টি বসতঘর গুঁড়িয়ে দেয়। বন্যহাতির দল ঘরে রক্ষিত ধান, চাল, আটা খেয়ে ফেলে। পায়ে পিষে ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামালের ক্ষতি করে।
উসমান আলী জানান, বন্যহাতির দল তার বসতঘর ধ্বংস করা ছাড়াও পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র উৎস প্রায় দুই একর জমির সবজি বাগান খেয়ে ও পায়ে পিষে একাকার করে দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।





