সংসদ বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামতে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। চলতি মাস থেকে সারা দেশের ২৫টি জেলায় প্রচার-প্রচারণাসহ সভা-সমাবেশ করে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানা গেছে জোটের পক্ষ থেকে।
জানা গেছে প্রথম দফায় আগামী ৫ থেকে ২১ সেপ্টেম্বর থেকে সারা দেশের ২৫টি জেলায় প্রচার-প্রচারণাসহ সভা-সমাবেশ কর্মসূচি নিয়ে মাঠে নামা হচ্ছে। দ্বিতীয় দফার কর্মসূচি অক্টোবর থেকে শুরু হবে। আর দেশের সব জেলায় এসব কর্মসূচিতে বাম জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
জোটের শরিক বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ নয়া দিগন্তকে জানান, সংসদ বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে এবং ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাঁড়ানো, জনগণের ঐক্য জোরদার ও বাম বিকল্প শক্তি গড়ে তোলার লক্ষ্যে পুরো সেপ্টেম্বর ও অক্টোবরে সারা দেশে বিভাগীয় শহর ও জেলা সদরে জনসভা-সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশ, প্রচার-প্রচারণা কার্যক্রমে জোটের পক্ষ থেকে সমমনার পাশাপাশি উদার প্রগতিশীল গণতান্ত্রিক চিন্তাচেতনায় বিশ্বাসীদের ব্যক্তিদেরও সম্পৃক্ত করা হবে।
তিনি বলেন, এক দিকে ডেঙ্গু, বন্যায় মানুষ হ দিশেহারা, তার সাথে পাল্লা দিয়ে দুর্নীতি-লুটপাট বেড়েই চলছে। ব্যাংকের টাকা লুট হচ্ছে, লুণ্ঠনকারীদের কোনো বিচার হচ্ছে না। স্বয়ং দুর্নীতি দমন কমিশন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এসব বিষয়গুলো নিয়ে দেশবাসীকে অবহিত করা হবে সভা-সমাবেশ করে।
জানা গেছে, সেপ্টেম্বর মাসে প্রথম পর্বে ২৫টি জেলায় সফর সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বরে নওগাঁয়, জয়পুরহাটে ৬ তারিখে এবং ৭ তারিখে কুষ্টিয়া ও সৈয়দপুরে এ কর্মসূচি পালন করা হবে। অপর দিকে ৮ সেপ্টেম্বরে ঝিনাইদহে, ৯ সেপ্টেম্বরে যশোর, ১২ সেপ্টেম্বরে হবিগঞ্জ ও দিনাজপুরে, ১৩ সেপ্টেম্বরে রংপুর, মৌলভীবাজার, সিলেট ও বগুড়ায় ১৪ সেপ্টম্বরে, ১৯ সেপ্টেম্বরে বরিশাল,২০ সেপ্টেম্বর পিরোজপুর এবং ২১ সেপ্টেম্বর পটুয়াখালীতে এসব কর্মসূচি পালিত হবে। দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশ নেবেন। আর এসব কর্মসূচি শেষ করে জোটের পক্ষ থেকে রাজধানীতে একটি বড় সমাবেশ করার কথাও রয়েছে জোটের পক্ষ থেকে। জানা গেছে জোটের পক্ষ থেকে যেসব বিষয় জনগণের কাছে তুলে ধরা হবে সেসব বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। এতে বলা হয়Ñ দেশে বিচারহীনতার রেওয়াজ চালু হওয়ায় ক্রমবর্ধমান হারে বাড়ছে নারী-শিশু নির্যাতন, ধর্ষণ-গণধর্ষণ, ধর্ষণের পর হত্যা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা। তাই জোটের কর্মসূচিগুলোতে দুর্নীতি-লুটপাট, ব্যাংকের টাকা লুট হচ্ছে, লুণ্ঠনকারীদের কোনো বিচার না হওয়ার ব্যাপারে বক্তব্য রাখা হবে।
দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামছে বাম জোট
সংসদ বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে দ্রুত সংসদ নির্বাচনের দাবিতে মাঠে নামতে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। চলতি মাস থেকে সারা দেশের ২৫টি জেলায় প্রচার-প্রচারণাসহ...





