গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মিয়াঝিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে এক মন্দির কমিটির সভাপতির বিরুদ্ধে। ওই স্কুলের পাশে অবস্থিত মন্দিরের সভাপতি তরুণ কান্তি বিশ^াসের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তরুণ কান্তি বিশ^াস স্কুলের একটি মেহগনি গাছ কেটেছেন। আরো তিনটি গাছ কাটার পাঁয়তারা করছেন।
স্থানীয়দের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট মিয়াঝিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় মেহগনি গাছ পাশের শিব মন্দির কমিটির সভাপতি তরুণ কান্তি বিশ^াস মন্দিরের গাছ দাবি করে জোরপূর্বক কেটে নিয়ে গেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুকু রানী বাছাড় গাছটি স্কুলের দাবি করে বলেন, ‘গাছটি স্কুলের জায়গায় লাগানো ছিল। স্কুলের গাছ মন্দির কমিটির সভাপতি তরুণ কান্তি বিশ^াস জোর করে কেটে নিয়ে গেছেন।
মন্দির কমিটির সভাপতি তরুণ কান্তি বিশ^াস গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘গাছটি আমাদের শিব মন্দিরের জায়গায় লাগানো ছিল। তাই মন্দিরের উন্নয়নে গাছটি কেটে বিক্রি করে দিয়েছি।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা বলেন, ‘বিষয়টি আমাকে স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন। আমি বিষয়টি তদন্তের জন্য সহকারী শিক্ষা কর্মকর্তা নবকৃষ্ণকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মাঈন উদ্দিন বলেন, ‘আমি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে স্কুল ও মন্দিরের জায়গা নির্ধারণ করে দুই পক্ষের বিরোধ নিরসন করতে বলেছি। তবে গাছ স্কুলের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’