সাভার পৌর এলাকার শাহীবাগে আজ মঙ্গলবার একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- দেলোয়ার হোসেন দিলু (৩২), আজাদ শরীফ (২৯), সাথী (১৫), দিলারা বেগম (৩৫) ও সীমা খাতুন (২৪)।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহফুজ ভ্রাম্যমান আদালতে আটককৃত চারজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড ও কিশোরী সাথী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গাজীপুরে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার ৩০/৫৩, শাহীবাগের ড্রিম গার্ডেন নামক বহুতল ভবনের ছয়তলার লুৎফর নেসা রানুর মালিকানাধীন ফ্ল্যাট বাসায় দীর্ঘদিন যাবত তরুণ-তরুণীদের দিয়ে অসামাজিক কাজ হয়ে আসছিল। প্রশাসনের কাছে অভিযোগ করা হলে তাদের সতর্ক করা হলেও তারা একই কাজ করছিল। আজ দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার মডেল থানার ওসি (অপারেশন) জাকারিয়া হোসেন থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করেন।

অভিযানের সময় যৌন উত্তেজক বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহফুজ জানান, আটককৃত চারজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর জন্য ওসিকে (সাভার মডেল থানা) নির্দেশ দেয়া হয়েছে।