সিরাজগঞ্জের কাজিপুরে মোটর সাইকেলযোগে জেএসসি পরীক্ষা দেখতে এসে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখী সংঘর্ষে প্রাণ গেল নূরী ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই স্কুলছাত্র। শনিবার সকালে ১০টায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের দূবলাই এলাকায় নির্মানধীন টেক্সটাইল পলিটেকনিকের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নূরী ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার সড়াতৈল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহতরা হলো একই এলাকার আল আমিনের ছেলে স্বপন মাহমুদ (১৫) ও মক্কের হোসেনের ছেলে আরমান হোসেন (১৫)। তারা সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম চন্দ্র মালী জানান, কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা দেখতে মোটর সাইকেলযোগে আসছিলো ওই তিন স্কুলছাত্র। তারা কেন্দ্রস্থলে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী তিন ছাত্রই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কাজিপুর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইফতেখারুল ইসলাম জানান, অবস্থা বেগতির হওয়ায় আহত নুরী ইসলামকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং বাকি দুইজনকে বগুড়া মহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। সেখানে নূরীর অবস্থা আশংকাজনক হওয়ার তাকে ঢাকায় নেয়ার পথে মারা যায়।