কক্সবাজার শহরের মোহাজেরপাড়ার একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আহত কিশোর নওশাদ আহমদ রিজভী (১২) অবশেষে মারা গেছে।
রিজভী কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং তার বাবা নুর আহমদ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক। ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাত ১০টায় তার মৃত্যু হয়। একই দুর্ঘটনায় আহত রেস্টুরেন্টের মালিক আকতার হোছাইনের অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয় সূত্র মতে, গত মঙ্গলবার সকালে ওই রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার পরিবর্তনের সময় হঠাৎ আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এ সময় সকালের নাশতার জন্য গিয়েছিল রিজভী। সে পরোটা তৈরির চুলার কাছে অবস্থান করায় তার গায়ে আগুন লেগে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আকতার হোসাইনের পুরো শরীর ঝলসে যায়। আগুনে রেস্টুরেন্টের রান্নাঘরটিও পুড়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এবং ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল বেলা ১১টায় মোহাজেরপাড়া মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে রিজভীকে বড় কবরস্থানে দাফন করা হয়।